গলায় মালা, চেইন বা লকেট পরা নারীদের সাজ-সজ্জার অন্তর্ভুক্ত। সুতরাং পুরুষদের জন্য তা ব্যবহার করা হারাম।অনুরূপভাবে পুরুষদের জন্য হাতের ব্রেসলেইট, চুরি, কানের দুল ইত্যাদি পরাও হারাম। সেটি তৈরির উপাদান স্বর্ণ হোক বা অন্য কিছু হোক। কেননা হাদিসে বিপরীত লিঙ্গের সাদৃশ্য অবলম্বনকে অভিসম্পাত যোগ্য গর্হিত কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন:
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত,
«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلَ يَلْبَسُ لِبْسَةَ الْمَرْأَةِ، وَالْمَرْأَةَ تَلْبَسُ لِبْسَةَ الرَّجُلِ»
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব পুরুষকে অভিসম্পাত করেছেন যারা নারীদের পোশাক পরে এবং সেসব নারীকে অভিসম্পাত করেছেন যারা পুরুষের পোশাক পরিধান করে।” [আবু দাউদ : ৪০৯৮]
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
لَيسَ منَّا مَن تشبَّهَ بالرِّجالِ منَ النِّساءِ ولا من تَشبَّهَ بالنِّساءِ منَ الرِّجالِ
“যে নারী পরুষের সাথে সাদৃশ্য অবলম্বন করে এবং যে সব পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।” (আব্দুল্লাহ ইবনে আমর রা. হতে বর্ণিত, সহীহুল জামে হা/৪৫৩৩, সহীহ)
আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন রাহ. বলেন:
أما إذا كانت الساعة من الأحجار الكريمة غير الذهب ، فيجوز للرجل لبسها ، ما لم تكن من حلى النساء أو تشبهه ، وما لم يكن اقتناؤها من الإسراف
“ঘড়ি যদি স্বর্ণ ছাড়া মূলবান পাথরের তৈরি হয় তাহলে তা পুরুষদের জন্য ব্যবহার করা জায়েজ যদি তা নারীদের অলঙ্কার অথবা তাদের সাদৃশ্য না হয় এবং যদি তাতে অপচয় না করা হয়।” (ফাতাওয়া ওয়া রাসায়েল ইবনে ইসাইমীন ১১/৬২)
মোটকথা, পুরুষদের জন্য স্বর্ণের তৈরি কোন কিছুই ব্যবহার কর বৈধ নয়। অনুরূপভাবে নারীদের সাজ-সজ্জার অন্তর্ভুক্ত কোন কিছু ব্যবহার করা বৈধ নয়। তবে রৌপ্য, মূল্যবান স্টোন, ডায়মন্ড বা অন্য যেকোনো মূল্যবান ধাতব বস্তু থেকে হাত ঘড়ি, আংটি ইত্যাদি ব্যবহারে কোন দোষ নাই ইনশাআল্লাহ।
0 Comments